সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত কয়েকদিনে দেশে এই মরণভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (১২ মার্চ) নতুন করে এই ঘোষণা দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ উর্ধ্বগতি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে। এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।
আগামীকাল শনিবার (১৩ মার্চ) এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ৩০ মার্চ দেশের সকল স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।
তখন তিনি বলেছিলেন, সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা সপ্তাহে পাঁচ দিন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ছয় দিন এবং বাকিরা সপ্তাহে এক দিন ক্লাসে যাবেন। তবে এখন প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হচ্ছে না।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য সকল প্রস্তুতি প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা আশা করছি, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে শিক্ষক ও কর্মচারীদের টিকা দেওয়ার বিষয়টি সমাপ্ত করতে পারবো।’
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় এ ছুটি বাড়ানো হয়। প্রায় ১২ মাস ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কিছু ক্ষেত্রে অনলাইনে কার্যক্রম চলমান।
-
১৮ ডিসেম্বর, ২০২০
-
২৯ অক্টোবর, ২০২০
-
২৮ অক্টোবর, ২০২০